1. faijulmunet@gmail.com : faijulmunet :
  2. cablab98@gmail.com : Abu Taher : Abu Taher
  3. cablab97@gmail.com : Tahmima Akther Iva : Tahmima Akther Iva
       
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

পেন্টাগনের সঙ্গে চুক্তি করলো ওপেনএআই

  • প্রকাশিতঃ বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ২৪ বার দেখা হয়েছে

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সরবরাহের চুক্তি করেছে ওপেনএআই। এই ঘোষণা আসে এমন এক সময়, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরকারের সংস্থাগুলোকে প্রতিদ্বন্দ্বী এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের সেবা ব্যবহার অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেন।

শুক্রবার রাতে ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান চুক্তির বিষয়টি ঘোষণা করেন। এর কয়েক ঘণ্টা আগে ট্রাম্প প্রশাসনের সঙ্গে অ্যানথ্রপিকের চুক্তি ভেঙে যায়। অ্যানথ্রপিক চেয়েছিল তাদের ‘ক্লাউড’ সিস্টেম যেন গণ নজরদারি বা মানবীয় নিয়ন্ত্রণ ছাড়াই প্রাণঘাতী স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবস্থায় ব্যবহার না করা হয়— এমন নিশ্চয়তা। কিন্তু এই শর্তে ঐকমত্য না হওয়ায় আলোচনা ভেস্তে যায়।

চুক্তি ঘোষণার সময় অল্টম্যান বলেন, ওপেনএআইয়ের সমঝোতায় স্পষ্টভাবে উল্লেখ আছে যে তাদের প্রযুক্তি গণহারে অভ্যন্তরীণ নজরদারি বা সম্পূর্ণ স্বয়ংক্রিয় প্রাণঘাতী অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না।

এক্সে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে তিনি লেখেন, “আমাদের দুটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা নীতি হলো—দেশের ভেতরে গণ নজরদারির নিষেধাজ্ঞা এবং বলপ্রয়োগের ক্ষেত্রে মানবীয় দায়িত্ব নিশ্চিত করা, বিশেষ করে স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবস্থার ক্ষেত্রে।” তিনি দাবি করেন, পেন্টাগন এসব নীতির সঙ্গে একমত এবং চুক্তিতে তা প্রতিফলিত হয়েছে।

অল্টম্যান আরও বলেন, ভবিষ্যতে পেন্টাগন যেন সব এআই প্রতিষ্ঠানের জন্য একই শর্ত প্রযোজ্য করে, যাতে আইনি ও সরকারি দ্বন্দ্ব এড়িয়ে যুক্তিসংগত সমঝোতায় পৌঁছানো যায়।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লিখেছেন, “অ্যানথ্রপিকের বামপন্থী উগ্রপন্থীরা পেন্টাগনকে তাদের শর্ত মানতে বাধ্য করার চেষ্টা করে ভয়াবহ ভুল করেছে।”
তিনি ঘোষণা দেন, সব ফেডারেল সংস্থাকে অবিলম্বে অ্যানথ্রপিকের প্রযুক্তি ব্যবহার বন্ধ করতে নির্দেশ দেওয়া হবে।

এদিকে অ্যানথ্রপিক এক বিবৃতিতে জানায়, “গণ অভ্যন্তরীণ নজরদারি বা সম্পূর্ণ স্বয়ংক্রিয় অস্ত্রের বিষয়ে আমাদের অবস্থান কোনও চাপ বা শাস্তির মুখেও পরিবর্তন হবে না।”
তারা দাবি করে, জাতীয় নিরাপত্তায় আইনসম্মত সব ধরনের এআই ব্যবহারে তারা সমর্থন দিয়েছে, শুধু দুটি সীমিত ব্যতিক্রম ছাড়া।

ঘটনাটি ওপেনএআইয়ের অভ্যন্তরেও আলোচনার জন্ম দিয়েছে। প্রায় ৫০০ জন ওপেনএআই ও গুগল কর্মী একটি খোলা চিঠিতে সই করে বলেছেন, “আমরা বিভক্ত হব না।” তাদের অভিযোগ, পেন্টাগন বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর আলাদা চাপ তৈরি করে শর্ত শিথিল করাতে চাইছে।

অল্টম্যান কর্মীদের উদ্দেশে পাঠানো এক বার্তায় লেখেন, “এটি এখন শুধু অ্যানথ্রপিক ও পেন্টাগনের বিষয় নয়; এটি পুরো শিল্পখাতের জন্য গুরুত্বপূর্ণ ইস্যু। আমরা দীর্ঘদিন ধরে বিশ্বাস করি, এআই গণ নজরদারি বা স্বয়ংক্রিয় প্রাণঘাতী অস্ত্রে ব্যবহার করা উচিত নয়, এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে মানুষের নিয়ন্ত্রণ থাকা আবশ্যক। এগুলোই আমাদের প্রধান ‘রেড লাইন’।”

ওপেনএআই আরও জানিয়েছে, তারা ১১০ বিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ তোলার প্রক্রিয়ায় রয়েছে, যার ফলে কোম্পানির মূল্যায়ন দাঁড়াতে পারে ৮৪০ বিলিয়ন ডলারে—যা প্রযুক্তিখাতে অন্যতম বৃহৎ ফান্ডিং রাউন্ড হিসেবে বিবেচিত হবে।

সূত্র: দ্য গার্ডিয়ান

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © কালেরধারানিউজ২৪
Designed By Barishal Host