২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছিল বিএনপি। সেই কর্মসূচিতে ছিল আলোচনা সভাও। তবে, আলোচনা সভার তারিখ পিছিয়েছে দলটি। দিবসটি উপলক্ষে আলোচনা সভাটি হওয়ার কথা ছিল ২৫ মার্চ দুপুর আড়াইটায়। তা পরিবর্তন করে ২৭ মার্চ আড়াইটায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সভাটি হবে।
মঙ্গলবার (২৪ মার্চ) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। তবে, নতুন সিদ্ধান্ত অনুযায়ী এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। আর সভাপতিত্ব করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে গত ২২ মার্চ নয়াপল্টনে এক সংবাদ সম্মেলন মহান বিজয় ও জাতীয় দিবস উপলক্ষে দলীয় কর্মসূচি ঘোষণাকালে রিজভী জানিয়েছিলেন, আলোচনা সভায় জাতীয় নেতারা ও দেশবরেণ্য বুদ্ধিজীবীরা বক্তব্য রাখবেন।
Leave a Reply