কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষসহ সাম্প্রতিক সব দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রবিবার (২২ মার্চ) বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বিবৃতিতে এই দাবি জানান।
বিবৃতিতে তিনি বলেন, “সড়কে চরম অব্যস্থাপনা বিরাজ করছে। এ কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। এ জন্য সরকার দায় এড়াতে পারে না।”
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, “কুমিল্লায় ভয়াবহ ট্রেন-বাস সংঘর্ষে ১২ জন নিহত এবং অন্তত আরও ১০ জন আহত হয়েছেন। মানুষ মৃত্যুর ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। অথচ এ নিয়ে সরকারের কোনও কার্যকর উদ্যোগ বা জবাবদিহি নেই। একটি সভ্য রাষ্ট্রে এমন অবস্থা কখনোই মেনে নেওয়া যায় না। আমরা এ হতাহতের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করছি।”
তিনি বলেন, “দেশের বিভিন্ন স্থানে একের পর এক রেল ও সড়ক দুর্ঘটনায় বহু মানুষের প্রাণহানি প্রমাণ করে পরিবহন খাতে চরম নৈরাজ্য ও অব্যবস্থাপনা বিরাজ করছে। এর জন্য সরকারের অযোগ্য, অথর্ব সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী দায়ী। তার চরম অবহেলা, অদক্ষতা এবং দায়িত্বহীনতার কারণেই আজ সাধারণ মানুষ নিরাপদে চলাচলের ন্যূনতম নিশ্চয়তা থেকে বঞ্চিত।”
জামায়াত সেক্রেটারি জেনারেল আরও বলেন, “সড়ক ও রেলপথে নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো কার্যকর পদক্ষেপ নিতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। নিয়মিত তদারকির অভাব, ফিটনেসবিহীন যানবাহন চলাচল, ট্রাফিক ব্যবস্থাপনার দুর্বলতা এবং রেলক্রসিংগুলোতে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি- সবকিছু মিলিয়ে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।”
গোলাম পরওয়ার অবিলম্বে কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষসহ সাম্প্রতিক সব দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।
Leave a Reply