জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেবে। বীর মুক্তিযোদ্ধাদের আবারও দেশ রক্ষায় ভূমিকা রাখতে হবে উল্লেখ করে বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আবদুল আউয়াল মিন্টু বলেন, দেশের উন্নয়নের স্বার্থে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। তিনি বলেন, এলাকার উন্নয়নে মুক্তিযোদ্ধা ,ব্যবসায়ী এবং হিন্দু সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে। তা না হলে ইরাক, লিবিয়া, সুদান ও আফগানিস্তানের মতো ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে।আজ বুধবার বিকেলে ফেনীর দাগনভূঞা উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। উপজেলার পৌরসভার দুলামিয়া কটন মিলে এ সভা অনুষ্ঠিত হয়।আবদুল আউয়াল মিন্টু বলেন, জামায়াত ভীত হয়ে বিএনপির প্রার্থীদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। তারা ষড়যন্ত্র করে বিএনপির প্রার্থীদের সরিয়ে বিনা ভোটে নির্বাচিত হতে চায়। যারা দেশকে বিশৃঙ্খলা করার চেষ্টা করবে, তাদের প্রতিহত করা হবে। আজ সারা দেশের জনতা জেগেছে, ২০২৪ সালের ৫ আগস্টের মতো জামায়াতকে ১২ ফেব্রুয়ারি পরাজিত করবে এ দেশের মানুষ।আবদুল আউয়াল মিন্টু আরও বলেন, ‘ আমি নির্বাচিত হলে সব সময় আপনাদের পাশে থাকব। ১২ ফেব্রুয়ারি বিপুল ভোটে ধানের শীষের বিজয় হবে।’মুক্তিযোদ্ধা কমান্ডার গিয়াস উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় শতাধিক বীর মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন। আবদুল আউয়াল মিন্টু বীর মুক্তিযোদ্ধা ছাড়াও একই দিন দাগনভূঞা উপজেলার নানা পেশাজীবী মানুষের সঙ্গে বৈঠক করেন। পরে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত সভায় অংশ নেন তিনি।
Leave a Reply