আগামী দুই দিনে রাজধানীতে ১৪টি নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রবি ও সোমবার (৮ ও ৯ ফেব্রুয়ারি) এসব জনসভায় বক্তব্য দেবেন তিনি।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন।
তিনি বলেন, রবিবার ঢাকা মহানগর উত্তরের ছয়টি সংসদীয় আসনে জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান। এর মধ্যে দুপুর ২টায় ঢাকা-১৭ আসনে নিজ নির্বাচনি এলাকা ইসিবি চত্বরে প্রথম জনসভায় যোগ দেবেন তিনি।
এরপর ঢাকা-১৬ আসনে পল্লবী ২ নম্বর ওয়ার্ডের লাল মাঠে ২টা ৪০ মিনিটে, ঢাকা-১৫ আসনে মিরপুর-১০ গোলচত্বর সংলগ্ন সেনপাড়া আদর্শ সরকারি উচ্চবিদ্যালয়ে সাড়ে ৩টায়, ঢাকা-১৪ আসনে ন্যাশনাল বাংলা উচ্চবিদ্যালয় গেটে ৪টা ২০ মিনিটে, ঢাকা-১৩ আসনে শ্যামলী সিনেমা হলের পশ্চিম পাশে শ্যামলী ক্লাব মাঠে ৫টা ১০ মিনিটে এবং ঢাকা-১১ আসনে বাড্ডা সাঁতারকুলের সানভ্যালি মাঠে সন্ধ্যা ৬টায় জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান।
মাহদী আমিন জানান, সোমবার নিজ নির্বাচনি এলাকা ও ঢাকা মহানগর দক্ষিণের সাতটি সংসদীয় আসনের মোট আটটি জনসভায় অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান।
এর মধ্যে বেলা ১১টায় ঢাকা-১৭ আসনে বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউর খেলার মাঠে জনসভায় বক্তব্য রাখবেন তিনি। এরপর ঢাকা-১০ আসনে কলাবাগান ক্রীড়া চক্র মাঠে দুপুর ১২টায়, ঢাকা-৮ আসনে পীরজঙ্গী মাজার রোডে দুপুর ১টায়, ঢাকা-৯ আসনে মান্ডা তরুণ সংঘ মাঠে বেলা ২টায়, ঢাকা-৫ আসনে যাত্রাবাড়ী শহীদ ফারুক রোডে বেলা ৩টায়, ঢাকা-৪ আসনে জুরাইন-শ্যামগঞ্জ রোডে বিকাল ৪টায়, ঢাকা-৬ আসনে ধুপখোলা মাঠে বিকাল ৫টায় এবং ঢাকা-৭ আসনে লালবাগ বালুর মাঠে সন্ধ্যা ৬টায় জনসভায় বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান।
Leave a Reply